করোনায় আবারও স্টোর বন্ধ করছে অ্যাপল

২০ জুন, ২০২০ ০০:৩৩  
চলমান করোনাভাইরাস মহামারির প্রকোপ বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের বেশকিছু স্টোর পুনরায় বন্ধ করছে অ্যাপল। শুক্রবার কোম্পানির পক্ষ থেকে জানানো হয় ফ্লোরিডা, আরিজোনা, সাউথ ক্যারোলিনা এবং নর্থ ক্যারোলিনার কিছু স্টোর সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে। খবর রয়টার্স। এর ঘোষণার ফলে এসব রাজ্যগুলোর ১১টি স্টোরে প্রভাব পড়বে। এর আগে অ্যাপল যুক্তরাষ্ট্রে তাদের প্রায় ১০০টি স্টোর পুনরায় চালু করেছিলো। এর অধিকাংশ পিকআপ এবং কিছু ওয়াক-ইন সার্ভিস ছিলো। গত মে মাসের শেষের দিকে লকডাউন শিথিল করায় এই উদ্যোগ নিয়েছিলো অ্যাপল। কিন্তু করোনার প্রকোপ কমছেই না বরং বাড়ছে। ইতিমধ্যে দেশটিতে ২২ লাখের অধিক মানুষ আক্রান্ত এবং কমপক্ষে এক লাখ ১৮ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। এই পরিস্থিতিতে স্থানীয় তথ্যের উপর ভিত্তি করে ভয়াবহতা বিবেচনায় স্টোরগুলো পুনরায় সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে। ডিবিটেক/বিএমটি